জকিগঞ্জ প্রতিনিধি:
আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে-মার্কেটের শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের সেই আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে যথাযোগ্য মর্যাদায় সারা বিশ্বের মতো সিলেটের জকিগঞ্জেও পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস।
‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’— এবারের মে দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১ মে) শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বেলা পৌনে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অনুষ্ঠানে বক্তব্য ও অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আব্দুল আহাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক, পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া, ৫ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি এনামুল হক মুন্না, প্রজন্মের ডা. মনজুর রহমান ভূইয়া, ডা. গাজী মো. এহসানুল আলম এবং ফিল্ড রিসার্চ কর্মকর্তা মো. আব্দুল মালেক খাঁন।
সভা শুরুর আগে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
মে দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্রমিকসহ সকল সাধারণ মানুষের জন্য বিনামূল্যে সবধরনের চিকিৎসাসেবার আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
অনুষ্ঠানে বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমিকবান্ধব সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।