প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে নিরাপত্তা সভা, এসএমপি কমিশনারের দিকনির্দেশনা
স্টাফ রিপোর্টার।
মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফর উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সভায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা জোরদার করা এবং সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করেই রাষ্ট্রীয় এ সফর সফল করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ.আর.এম. আলিফ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনসহ এসএমপি ও অন্যান্য সংস্থার কর্মকর্তারা।
সভায় সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।