স্টাফ রিপোর্টার:
আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনরত শ্রমিকরা আত্মাহুতি দিয়েছিলেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার প্রতিষ্ঠার নতুন ইতিহাস রচিত হয়। সেই স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর ১ মে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস।
এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”।
মহান মে দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেন, মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল দিন। তিনি বলেন, দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। এ উপলক্ষে তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি আরও বলেন, শ্রমিকের অধিকার ও পেশাগত নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় এবারের প্রতিপাদ্য সময়োপযোগী হয়েছে। ১৮৮৬ সালের শিকাগোর আত্মত্যাগ আজও শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠায় প্রেরণা জোগায়।
তিনি বলেন, বর্তমান সরকার শ্রম আইন সংস্কার, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সামাজিক সুরক্ষা, ট্রেড ইউনিয়নের অধিকার, পেনশন ব্যবস্থা চালু, বন্ধ শিল্প চালু এবং শ্রমিক কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
রাষ্ট্রপতি বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল কারিগর। শিল্প, কৃষি, নির্মাণসহ প্রতিটি খাতে তাদের নিরলস শ্রম দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে।
অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। তিনি বলেন, শ্রমজীবী মানুষই একটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা সরকারের অঙ্গীকার। তিনি ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের শহীদ শ্রমিকদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
মহান মে দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন শ্রমিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জাতীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও টকশো সম্প্রচার করবে।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন আজ বিকেল ৩টায় রাজধানীর পল্টনস্থ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশ করবে।
রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় শ্রমিক সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম জনসভা বলে জানিয়েছেন দলের নেতারা।
এছাড়া রাজধানীতে নাট্যাঙ্গনেও থাকছে জমজমাট আয়োজন। আরণ্যক নাট্যদল ও নাট্যদল বটতলা মে দিবস উপলক্ষে নাটক, গান, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে।
মহান মে দিবসে আজ বিশ্বজুড়ে উচ্চারিত হবে শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্যতার দাবি।