Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট থেকে সিসি ব্লক চুরি, অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ-রজনীগঞ্জ সড়কের ঠাইলা-ঠাকুরভোগ অংশে চলমান উন্নয়নকাজের সাইট থেকে নির্মাণসামগ্রী সিসি ব্লক চুরির অভিযোগ উঠেছে। কাজটি বাস্তবায়ন করছে ‘মেসার্স মমিনুল হক, এম এ ওয়াহেদ জেবি’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।


উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে ৯ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৪৬ টাকা ব্যয়ে ২ হাজার ৬শ মিটার মাটি ভরাটসহ আরসিসি ঢালাই সড়ক, সাইট প্রটেকশন ওয়াল ও সিসি ব্লক রাস্তার কাজ পায় প্রতিষ্ঠানটি।


সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রাম থেকে ঠাকুরভোগ গ্রামের আশ্রয়কেন্দ্র পর্যন্ত এলাকায় কাজ চলছে। ঠাকুরভোগ আশ্রয়কেন্দ্রের মাঠে সড়ক নির্মাণের জন্য প্রায় ৬০ হাজার সিসি ব্লক তৈরি করে রাখা হয়েছে। সেখানে কিছু ব্লক চুরির আলামতও দেখা গেছে। বিভিন্ন স্থানে ব্লক ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।


ঠিকাদারি প্রতিষ্ঠানের নৈশপ্রহরী ঠাকুরভোগ গ্রামের মৃত দিলোয়ার খার ছেলে আনোয়ার খা জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে তিনি আশ্রয়কেন্দ্রের কিছু দূরে ছিলেন। এ সময় একই গ্রামের মতলিব মিয়ার ছেলে আলী হোসেন তার মাহিন্দ্রা গাড়ি দিয়ে সিসি ব্লক নিয়ে যেতে দেখেন। ডাকাডাকি করলেও তিনি সাড়া দেননি। পরে এসে দেখেন মাঠে থাকা অনেক ব্লক নিয়ে যাওয়া হয়েছে।


ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার কনক দত্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান প্রায় ৪ থেকে ৫ হাজার সিসি ব্লক নিয়ে যাওয়া হয়েছে। এর আগেও সাইট থেকে ১ টন রড ও মাহিন্দ্রা গাড়ির ব্যাটারি চুরি হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ধারণা, সব চুরির ঘটনায় একই ব্যক্তি জড়িত থাকতে পারেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


চুরির অভিযোগের বিষয়ে অভিযুক্ত আলী হোসেনের বাবা মতলিব মিয়া বলেন, তার ছেলে হাওর থেকে মানুষের কাটা ধান আনা-নেওয়ার কাজে গাড়ি ব্যবহার করছে। গাড়ি কাদায় আটকে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে ৫০ থেকে ৬০টি সিসি ব্লক নিয়ে কাদা মাটিতে ফেলে গাড়ি বের করার চেষ্টা করেছে। মানুষের ধান আনার সুবিধার্থেই এসব ব্লক নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।


উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম বলেন, ঠিকাদারের পক্ষ থেকে বিষয়টি তাকে জানানো হয়েছে। পরে লোক পাঠিয়ে যাচাই করে সত্যতা পাওয়া গেছে। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
৩০.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com