Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সারাদেশে রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

চেয়ারম্যান রিপনের পুনর্বহালের দাবিতে ভৈরবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

৩০ এপ্রিল ২০২৬ • ১০:৩৪ অপরাহ্ন

ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (রিপন)-এর পুনর্বহাল এবং তার বিরুদ্ধে চলমান হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে শিমুলকান্দি হাইস্কুল মোড়ে ‘শিমুলকান্দি ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বাসিন্দা ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান (রিপন)-কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। একটি মহল রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে তাকে দায়িত্ব পালন থেকে দূরে রাখতে অপচেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন তারা।


বক্তারা বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে দায়িত্ব থেকে বিরত রাখা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। এতে ইউনিয়নের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং চলমান উন্নয়ন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।


তারা আরও জানান, গত ২ এপ্রিল মহামান্য হাইকোর্ট প্যানেল চেয়ারম্যানের কার্যক্রম স্থগিত করে নির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আদালতের আদেশের কপি ১৯ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ ওঠে।


স্থানীয় সরকার আইন অনুযায়ী নির্বাচিত চেয়ারম্যান উপস্থিত থাকার পর প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালনের সুযোগ নেই উল্লেখ করে বক্তারা বলেন, এরপরও খোরশেদ আলম অবৈধভাবে পরিষদের কার্যক্রম পরিচালনা করছেন, যা সম্পূর্ণ আইনবহির্ভূত।


বক্তারা প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনা করে বলেন, এতে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। তারা দ্রুত আদালতের আদেশ বাস্তবায়ন করে চেয়ারম্যান রিপনকে স্বপদে বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।


মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শিমুলকান্দি হাইস্কুল মোড় থেকে শুরু হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দাবির পক্ষে জনমত গড়ে তোলেন।


বক্তারা ভৈরব-কুলিয়ারচর আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত আদালতের নির্দেশ বাস্তবায়নের মাধ্যমে নির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানান।


শেষে দাবি বাস্তবায়নে গড়িমসি হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আয়োজকরা।

বিজ্ঞাপন channeljaintanews24.com