মৌলভীবাজার প্রতিনিধি: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড ও জগন্নাথপুর এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৬) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজা আহমেদ।
অভিযানকালে লিটন হোটেল, বিসমিল্লাহ হোটেল এবং জগন্নাথপুর এলাকার হোটেল টানাটানিতে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানগুলোকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে দেখা গেছে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছিল। এছাড়া ফ্রিজে রান্না করা খাবারের সঙ্গে রক্তযুক্ত কাঁচা মাছ সংরক্ষণ করার মতো স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনাও পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজা আহমেদ বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোনো প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের সচেতন হওয়ার পাশাপাশি আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।