ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম সাংবাদিকদের প্রতি গণতন্ত্র ও বাকস্বাধীনতা রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে আপনারা যোদ্ধা হতে পারেন।”
সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং মোঃ আখতারুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।
চীফ হুইপ বলেন, দীর্ঘ ১৭ বছর দেশ স্বৈরতন্ত্রের কবলে ছিল। সে সময়ে মানুষের বাকস্বাধীনতা, সংসদীয় সরকার ব্যবস্থা ও আইনের শাসন ছিল না। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে গণতন্ত্রকে সুসংহত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, সরকার যতক্ষণ ভালো কাজ করবে, সাংবাদিকরা ততক্ষণ পাশে থাকতে পারেন। তবে ভুল হলে যৌক্তিক সমালোচনার মাধ্যমে তা ধরিয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে নূরুল ইসলাম বলেন, ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করলেও মাত্র দুই মাসের মধ্যে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বাস্তবায়নসহ মানুষের অর্থনৈতিক সমস্যাগুলো চিহ্নিত করেছে এবং সমাধানে পদক্ষেপ নিয়েছে।
তিনি অতীত সরকারের সমালোচনা করে বলেন, আগের সরকার সাতটি বাজেটের সমপরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে।
চীফ হুইপ আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত দেশকে তিন বছরের মধ্যে খাদ্যে স্বাবলম্বী করেছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে এগিয়ে নিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই পথ অনুসরণ করছেন।
গণমাধ্যম প্রতিনিধিদের পক্ষ থেকে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুন জামিল, সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো এবং বাংলাদেশ সংবাদ সংস্থার নগর সম্পাদক মোরসালিন নোমানী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রচার কার্যক্রম আরও সহজীকরণ, সাংবাদিকদের বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা হয়। সভায় সংসদ বিটে দায়িত্বপালনকারী সাংবাদিক, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।