Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | ১০:০৬ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

স্পীকারের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, শিক্ষা- বিনিয়োগ ও গণতন্ত্র নিয়ে আলোচনা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | ১০:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। আজ জাতীয় সংসদে স্পীকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে স্পীকার বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক। তিনি স্মরণ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যের জনগণ বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল।


তিনি আরও বলেন, বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার গণতান্ত্রিক ধারা অনুসরণ করে। ১৯৯১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।


স্পীকার বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার দায়বদ্ধ। তৃণমূলের জনগণ ও প্রান্তিক কৃষকের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর উদ্যোগ প্রশংসনীয় বলেও তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, সরকার মানসম্মত ও কারিগরি শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মানোন্নয়নে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, অভিবাসন সংকট ও এর সমাধান নিয়ে আলোচনা হয়।


হাইকমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাজ্য সবসময় পাশে থাকবে। তিনি চলমান মধ্যপ্রাচ্য সংকট প্রসঙ্গে বলেন, ব্রিটিশ সরকার যেকোনো যুদ্ধ ও সংঘাতকে নিরুৎসাহিত করে।


এ সময় তিনি জাতীয় সংসদের স্পীকার পদে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি-কে অভিনন্দন জানান। জবাবে স্পীকার যুক্তরাজ্যের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদল সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।


সাক্ষাৎ অনুষ্ঠানে যুক্তরাজ্য হাইকমিশনের প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৮.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com