সিলেটের জৈন্তাপুর উপজেলার সকল তফসিলী ব্যাংকের পক্ষ থেকে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট-এর নির্বাহী পরিচালক খালেদ আহমেদ।
বক্তারা বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ হওয়ায় কৃষিই অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষক বাঁচলে কৃষি বাঁচবে—এই লক্ষ্যেই সরকার কৃষি খাতে সহজ শর্তে ঋণ সুবিধা সম্প্রসারণ করছে। বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি গ্রহণের পাশাপাশি সেচ সুবিধা বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে কাজ করছে।
অনুষ্ঠানে জানানো হয়, জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নে ক্ষুদ্র, মাঝারি ও প্রান্তিক কৃষকদের মাঝে বাণিজ্যিক কৃষি সম্প্রসারণের লক্ষ্যে ৮টি তফসিলী ব্যাংক সহজ শর্তে কৃষিঋণ বিতরণ শুরু করেছে। প্রথম দিনে ৪০ জন কৃষক-কৃষানীর মাঝে ঋণের চেক প্রদান করা হয়।
ঋণ বিতরণে অংশ নেয় সোনালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ও এনআরবিসি ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির জিএম খোকন চন্দ্র বিশ্বাস, ডিএমজি হিমাংশু আচার্য্য, উত্তরা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।
স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক শরীফুল ইসলাম ভূঁইয়া। এছাড়া বক্তব্য রাখেন কৃষি ব্যাংক জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক এরশাদ আলি, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম ও কৃষক প্রতিনিধি বিলাল আহমেদসহ অনেকে।