ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলায় সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি ‘কাজের বিনিময়ে খাদ্য’ (কাবিখা) প্রকল্পের ১২০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার তাজপুর বাজারে অবস্থিত ‘আয়ান অ্যান্ড ইয়াকুব বিরিয়ানি হাউজ’ নামের একটি প্রতিষ্ঠান থেকে এসব চাল জব্দ করা হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় অভিযান পরিচালনা করে এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে চালগুলো জব্দ করে।
প্রাথমিক তদন্তে জব্দকৃত চাল সরকারি কাবিখা কর্মসূচির আওতাভুক্ত বলে নিশ্চিত হওয়া যায়। পরে এ বিষয়ে প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়।
রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে জব্দকৃত চালের মালিক হিসেবে চিহ্নিত ব্যবসায়ী মাসুম আহমদ আবির বৈধ লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
তবে অভিযুক্ত ব্যবসায়ী দাবি করেন, তিনি বৈধভাবে চাল ক্রয় করেছেন এবং লাইসেন্স প্রক্রিয়াধীন থাকায় জরিমানার মুখে পড়েছেন। তার দাবি অনুযায়ী, চালগুলো স্থানীয় এক জনপ্রতিনিধির কাছ থেকে কেনা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির মালামাল যেন কোনোভাবেই অপব্যবহার বা অবৈধভাবে মজুত না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।