হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার দুপুরে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মকসুদ মিয়া (৩৫) এবং বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া গ্রামের আব্দুল সালাম (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে মকসুদ মিয়া গড়দার হাওরে নিজ জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি নোয়াগাঁও গ্রামের ছাবর উল্লার ছেলে।
অন্যদিকে, একই সময়ে বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকার হাওরে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আব্দুল সালামের মৃত্যু হয়। তিনিও ঘটনাস্থলেই মারা যান। তিনি একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।
এছাড়া বজ্রপাতে একই উপজেলার গড়পাড় গ্রামের সামরুজ মিয়া (৫০) নামে আরও একজন কৃষক আহত হয়েছেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বিষয়টি নিশ্চিত করেছেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, নিহত মকসুদ মিয়ার পরিবারটি দরিদ্র। তাদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।