কুলাউড়া প্রতিনিধি।
কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুদিপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গবাদিপশু পালন বিষয়ক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৪টায় এ কর্মশালার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব কুলাউড়ার সদস্য, দৈনিক দেশ প্রতিদিন ও নিউজ বাংলার সাংবাদিক এবং "উদ্যোগ" সংস্থার সভাপতি ডা. মোঃ আব্দুল মুবিন।
তিনি তার বক্তব্যে বলেন, যুবসমাজকে দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবাদিপশু পালন একটি লাভজনক খাত হওয়ায় প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা সহজেই আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। গবাদিপশু পালনে আধুনিক জ্ঞান ও প্রযুক্তি প্রয়োগ করলে এটি একটি টেকসই আয়ের উৎস হতে পারে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. আহমেদ ফারুকী, চেয়ারম্যান, হেলথ অর্গান সহায়তা বাংলাদেশ। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে যুবরা শুধু নিজেদের নয়, সমাজের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সিপাউর রহমান, প্রভাষক, ইয়াকুব তাজুল মহিলা কলেজ। তিনি বলেন, সঠিক পদ্ধতিতে গবাদিপশু পালন শিখলে কম খরচে বেশি লাভ অর্জন সম্ভব।
অনুষ্ঠানের আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর, কুলাউড়া।
এবং সার্বিক সহযোগিতায় ছিল "উদ্যোগ" যুব উন্নয়ন সংস্থা, মুদিপুর।
এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুবকদের গবাদিপশু পালন বিষয়ে দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।