শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, শিক্ষার মানোন্নয়নে সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের দায়িত্ব নিতে সক্ষম হয়।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা আগামীর শান্তিগঞ্জের দায়িত্ব নিতে পারে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সবাই একসাথে কাজ করলে শিক্ষার মান আরও উন্নত হবে।”
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনারা নিজ নিজ ইউনিয়নের অভিভাবক। প্রতিটি বিদ্যালয়ের প্রতি সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষা ও খেলাধুলার প্রতি নজর রাখলে বিদ্যালয়ের উন্নয়ন যেমন হবে, তেমনি ইউনিয়নের মর্যাদাও বৃদ্ধি পাবে।”
টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে শিমুলবাঁক ইউনিয়নের জীবদারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়কলস ইউনিয়নের ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত মেয়েদের ফাইনালে গনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহজাহান। রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।