ছাতক প্রতিনিধি।
ছাতক পৌরসভার ৯ নং ওয়ার্ডের তাতিকোনা মহল্লায় তাতিকোনা যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টান প্রতিযোগিতা। সোমবার দুপুর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা বিকেলে জমজমাট পরিবেশে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়।
প্রতিযোগিতায় মোট ২০টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ছাতক পৌরসভার প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। তাঁর সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাতক প্রেসক্লাবের সদস্য মাহবুব আলম সেলিম।
খেলার বিভিন্ন ধাপে প্রতিযোগিতা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। প্রথম রাউন্ডে ২০টি দল অংশ নেয়। দ্বিতীয় রাউন্ডে ১০টি দল প্রতিদ্বন্দ্বিতা করে, এরপর কোয়ার্টার ফাইনালে ৫টি দল অংশ নেয় এবং একটি দল রিজার্ভে যায়। সেমিফাইনালে ৩টি দল অংশগ্রহণের পর একটি দল রিজার্ভে চলে যায়। সেমিফাইনালে একতা একাদশ ও গ্রামবাংলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়, যেখানে একতা একাদশ জয়লাভ করে ফাইনালে ওঠে।
ফাইনালে শাহজালাল একাদশ মোগলপাড়াকে হারিয়ে একতা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় শাহজালাল একাদশ মোগলপাড়া এবং তৃতীয় স্থান অধিকার করে গ্রাম বাংলা দল।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পায় একটি খাসি, রানারআপ দল পায় ৭টি বাটন মোবাইল এবং তৃতীয় স্থান অধিকারী দলকে দেওয়া হয় ৭টি মুরগি।
প্রতিটি দলে ৭ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এসময় উপদেষ্টা মন্ডলী ও খেলা পরিচালনা কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।