নিউজ ডেস্ক।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত ২৪ ঘণ্টায় পৃথক পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে মোট ৪১ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে ট্রাফিক পুলিশ ১৫০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
গত ২১ এপ্রিল ২০২৬ (০০.০০ থেকে ২৩.৫৯ পর্যন্ত) সময়ে এসএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে এসব গ্রেফতার ও উদ্ধার অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিয়মিত মামলার ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়। মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়। একই সময়ে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৮৭৭ পিস ভারতীয় নেসলে কিটক্যাট চকলেট ও ১৭ প্যাকেট বেনজো কোকোয়া চকলেট উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানা পুলিশ ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় বিনা পরোয়ানায় ২ জনকে গ্রেফতার করে। পাশাপাশি মেট্রো অধ্যাদেশ মোতাবেক আরও ২৩ জনকে গ্রেফতার করা হয়।
একই ২৪ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ৫৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয় এবং ৯২টি যানবাহন আটক করে। মামলাকৃত যানবাহনের মধ্যে ছিল ট্রাক ২টি, প্রাইভেটকার ৬টি, সিএনজি ১৫টি, মোটরসাইকেল ২৭টি এবং অন্যান্য ৮টি।
আটককৃত যানবাহনের মধ্যে ছিল ট্রাক ৫টি, সিএনজি ১৯টি, মোটরসাইকেল ৫৪টি এবং অন্যান্য ১৪টি যানবাহন।
পরবর্তী ২২ এপ্রিল ২০২৬ (০০.০০ থেকে সকাল ৮.০০ পর্যন্ত) ৮ ঘণ্টার অভিযানে আরও ৪৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ওয়ারেন্টভুক্ত ৪ জন, ১৬ জন মাদকসেবী, ৮ জন সন্দেহভাজন ব্যক্তি এবং কোতোয়ালী মডেল থানার অভিযানে ১৫ জন হকারকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানায় পুলিশ।
এসএমপি জানায়, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।