হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক নারী।
২২ আগস্ট ২০২১ তারিখে দায়ের করা অভিযোগে ভুক্তভোগী সুফিয়া খাতুন উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিয়মিত চাল পেয়ে আসছিলেন। কিন্তু নতুন করে ডিলার নিয়োগের পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিয়মিত চাল থেকে বঞ্চিত হচ্ছেন।
অভিযোগে বলা হয়, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুলিয়া বাজার এলাকার ডিলার শামীম পিতা বাবলু মিয়া দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন অজুহাতে চাল দেওয়া বন্ধ করে দেন। এমনকি সংশোধনের কথা বলে তার কাছ থেকে বই ও ১০০ টাকা নেওয়ার অভিযোগও করেন তিনি।
ভুক্তভোগী আরও জানান, গত ২৪ জুন ২০২১ তারিখে তাকে চাল দেওয়া হবে বলে জানানো হলেও পরে তা দেওয়া হয়নি। এ বিষয়ে প্রতিবাদ করলে ডিলার শামীম তাকে হুমকি দেন এবং পুলিশ দিয়ে হয়রানির ভয় দেখান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, ডিলার শামীম তার সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং সরকারি সুবিধা থেকে বঞ্চিত করে অন্যত্র চাল বিক্রি করছেন।
এ বিষয়ে যথাযথ তদন্ত করে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।
অভিযোগপত্রটি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি দেওয়া হয়েছে বলে জানা গেছে।