Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাটে বিজ্ঞান মেলার উদ্বোধন, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনীতে মুগ্ধ দর্শনার্থী

২২ এপ্রিল ২০২৬ • ১১:১৭ অপরাহ্ন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: “উদ্ভাবনী নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।


বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।


উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়ের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা উত্তম কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভূইয়াসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।


মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক প্রকল্প ও প্রযুক্তিনির্ভর নানা প্রদর্শনী উপস্থাপন করে। শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনা ও বৈজ্ঞানিক চিন্তাধারায় মেলায় আগত দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।


উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ সময় বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও আধুনিক বাংলাদেশ গড়ার উপযোগী নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।


দিনব্যাপী আয়োজিত এ মেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দর্শনার্থীদের উপস্থিতিতে গোয়াইনঘাটে সৃষ্টি হয় এক প্রাণবন্ত উৎসবের আমেজ।

বিজ্ঞাপন channeljaintanews24.com