ভৈরবে চলন্ত সিএনজিতে আগুন, নেভানোর পর মিলল ১৯ কেজি গাঁজা
কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ কেজি গাঁজা উদ্ধারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) সকালে ভৈরব পৌর শহরের চন্ডিবের উত্তরপাড়া প্রাইমারি স্কুলের সামনে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা চন্ডিবের এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। চালক দ্রুত গাড়িটি রাস্তার পাশের একটি পতিত জমিতে নিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা সহযোগিতায় এগিয়ে এলে চালক আতঙ্কিত হয়ে অটোরিকশা ফেলে পালিয়ে যান।
চালকের রহস্যজনক পালিয়ে যাওয়ায় স্থানীয়দের সন্দেহ হলে তারা যানটির ভেতরে তল্লাশি চালান। এ সময় ইঞ্জিনের পাশে থাকা ছেঁড়া প্যাকেটসহ মোট ১০টি প্যাকেটে বিপুল পরিমাণ গাঁজা দেখতে পান তারা। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় থাকা নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা থেকে ১০টি প্যাকেটে মোট ১৯ কেজি গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাদকসহ অটোরিকশাটি জব্দ করে। গাড়িটির কোনো নম্বর প্লেট ছিল না। চালক পলাতক রয়েছে, তাকে শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।