সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মহিষ জব্দ করেছে। দুটি পৃথক অভিযানে মোট ৬৯ লাখ ৯০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে রাইনপুর নামক স্থানে একটি পরিত্যক্ত গুদামে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪,৯৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার সিজারমূল্য ধরা হয়েছে ৫৯ লাখ ৪০ হাজার টাকা।
একই দিন সকাল আনুমানিক ৮টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ গুয়াবাড়ী বিওপির একটি টহল দল জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মহিষগুলোর সিজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
দুটি অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য দাঁড়িয়েছে ৬৯ লাখ ৯০ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।