প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, বাসিয়া নদী খননের উদ্বোধন করবেন তারেক রহমান
প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সভায় জানানো হয়, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফর করবেন। সফরের অংশ হিসেবে তিনি শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাসিয়া নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এ কার্যক্রম পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন।
এছাড়া প্রধানমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন বলেও সভায় জানানো হয়।
সফরকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়। পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে সৌন্দর্যবর্ধন, রাস্তা মেরামত, নগর পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং সড়কের পাশের পরিবেশ উন্নয়নের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া জেলা স্টেডিয়ামে বিভিন্ন ক্রীড়া আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রতিটি ইভেন্টের জন্য পৃথক টিম গঠনের বিষয়েও সিদ্ধান্ত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।