ধর্মপাশায় পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত আরও ৫
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে হাবিবুর রহমান (২১) এবং জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ (১৩) নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের সামনে টগার হাওরে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে হাবিবুর রহমান মারা যান। এ সময় তাঁর সঙ্গে থাকা আব্দুল কাইউম (২৫) ও অমর হোসেন (২০) আহত হন।
অন্যদিকে জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের মাঠে কাজ করার সময় বজ্রপাতে রহমত উল্লাহ নিহত হন। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল হক (৩৫), রোমন মিয়া ওরফে লাল সাধু এবং তাঁর স্ত্রী শিখা মনি (২৫) গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রহমত উল্লাহকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জয়নাল হক ও শিখা মনিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বজ্রপাতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।