সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৯ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮ লাখ ৬৮ হাজার ৬৪০ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ১৯ এপ্রিল ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, তামাবিল, সোনারহাট ও বিছনাকান্দি বিওপি’র টহল দল অংশ নেয়।
অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় গরু, জিরা, চিনি, টায়ার, শাড়ী, কম্বল, চকলেট, ক্রিম, অলিভ অয়েল, ফেসওয়াস, সাবান, মেহেদী, বিস্কুট, বিড়ি ও মদ জব্দ করা হয়। এছাড়াও বাংলাদেশ থেকে পাচারের সময় সুপারি ও শিং মাছ আটক করা হয়।
এদিকে, অবৈধভাবে নদী থেকে বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বারকী নৌকাও জব্দ করা হয়েছে বলে জানানো হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক করা সম্ভব হয়েছে।
আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।