সিলেট দোকান মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সমিতির সঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দোকানপাট বন্ধের সময়সীমা নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন পুলিশ কমিশনার।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দোকান মালিক ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এ সময় পুলিশ কমিশনার সেগুলো সমাধানের আশ্বাস দেন।
তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সিলেট মহানগরীর সকল শপিংমল, মার্কেট, বিপণিবিতান, দোকানপাট, মেলা/বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। এ নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে হোটেল ও রেস্তোরাঁ, কাঁচাবাজার, ফার্মেসি এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ এ নির্দেশনার বাইরে থাকবে।
পুলিশ কমিশনার আরও বলেন, আটক করা ব্যাটারিচালিত রিকশাগুলো শর্তসাপেক্ষে মালিকদের কাছে ফেরত দেওয়া হবে। পাশাপাশি সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা (ইজি বাইক/মিশুক/টমটম) বিক্রয়কারী প্রতিষ্ঠান ও শোরুম দ্রুত অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনসহ এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট দোকান মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরাও অংশ নেন।