Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ | ১২:৩৫ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক ৪ লেনে উন্নীত করতে সেতুমন্ত্রীকে হুইপ জি কে গউছ-এর চিঠি

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ | ১২:৩৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক |

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণা ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি জরুরি ভিত্তিতে চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. জি কে গউছ, এমপি। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বরাবর দেওয়া এক পত্রে তিনি এই দাবি জানান।

জনগুরুত্ব ও দুর্ভোগের চিত্র

হুইপ জি কে গউছ তাঁর পত্রে উল্লেখ করেন, হবিগঞ্জ জেলা সদর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ। জেলার ৯টি উপজেলা ও ৬টি পৌরসভার প্রায় ২৫ লক্ষ মানুষকে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে প্রতিদিন জেলা শহরে যাতায়াত করতে হয়। বৃন্দাবন সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজসহ ২৫টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০ হাজার শিক্ষার্থী নিয়মিত এই পথ ব্যবহার করে।

তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়ক থেকে হবিগঞ্জ শহরে প্রবেশের একমাত্র পথ হলো এই ১৪ কিলোমিটার দীর্ঘ সড়কটি। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও রেলযাত্রীদের চলাচলের তুলনায় রাস্তাটি অত্যন্ত সরু। ফলে দীর্ঘ যানজটে পড়ে জনগণের মূল্যবান শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনায় জানমালের ক্ষতি হচ্ছে।

দেশনেত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন

পত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়, ২০১৮ সালে হবিগঞ্জ সফরকালে এক জনসভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন যে, বিএনপি সরকার গঠন করলে এই সড়কটি চার লেনে উন্নীত করা হবে।

জি কে গউছ বলেন, "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে আমি দেশনেত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছিলাম। এলাকার জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন। এখন এই সড়কটি চার লেনে উন্নীত করার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশনেত্রীর ঘোষণার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।"

মন্ত্রীর হস্তক্ষেপ কামনা

হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের এই সংসদ সদস্য জনস্বার্থে এবং জাতীয় গুরুত্বপূর্ণ এই উন্নয়ন প্রকল্প দ্রুত শুরু করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সনির্বন্ধ অনুরোধ ও ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৩.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com