Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি আন্তর্জাতিক রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

৩১ মার্চ ২০২৬ • ০৩:১১ অপরাহ্ন

সোমবার, ৩০ মার্চ ২০২৬।


মদিনা: সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ এবং বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় দেশ হজ ও উমরাহ সেবা আরও উন্নত ও জোরদার করতে ঐকমত্য পোষণ করেছে। এর ফলে বাংলাদেশী হজ ও উমরাহ যাত্রীদের সেবায় নতুন গতি সঞ্চারিত হবে বলে আশা করা হচ্ছে।


সৌদি আরবের স্থানীয় সময় আজ সকাল ১১টায় মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদি আরবের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে হজ ও উমরাহ ব্যবস্থাপনায় সৌদি আরব অসাধারণ অগ্রগতি সাধন করেছে। প্রযুক্তির ব্যবহার ও আধুনিকায়নের মাধ্যমে হজ ব্যবস্থাপনা আরও উন্নত হয়েছে। তিনি সৌদি সরকারকে বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।


ধর্মমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ। এ সম্পর্ক পারস্পরিক আস্থা ও অভিন্ন ধর্মীয় বন্ধনে আবদ্ধ। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং হজ-উমরাহসহ ধর্মীয় ও পারস্পরিক উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


বৈঠকে ধর্মমন্ত্রী বাংলাদেশী হজ ও উমরাহ যাত্রীদের কল্যাণে একটি লিখিত প্রস্তাবনা সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর কাছে হস্তান্তর করেন।


বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীকে সৌজন্য উপহার প্রদান করেন ধর্মমন্ত্রী কায়কোবাদ। সৌদি মন্ত্রীও বাংলাদেশের ধর্মমন্ত্রীকে শুভেচ্ছা উপহার দেন।


উপস্থিত ছিলেন:ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি, সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার (আইসিডি) ড. আল হাসান ইয়াহিয়া আল মানখারা, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোঃ সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মোঃ কামরুল ইসলামসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


উল্লেখ্য, তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরামে যোগদানের জন্য ধর্মমন্ত্রী কায়কোবাদ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com