মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তারা ফুলের তোড়া দিয়ে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বিউগলের সুর বেজে ওঠার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে শহিদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে।
পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর তারা বিদেশি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এদিকে, জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা। এরপর তিন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।
৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবসে এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতি একাত্তরের বীর শহিদদের অবদানকে স্মরণ করে নতুন করে প্রত্যয় ব্যক্ত করেছে।