Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ | ০১:৫৩ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

শিশু ও নারীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ | ০১:৫৩ পূর্বাহ্ন

ঢাকা, ২৬ মার্চ ২০২৬: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে, যে বাংলাদেশ হবে সকল শিশু ও নারীর জন্য নিরাপদ। তিনি বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের শুধু গৌরবের ইতিহাসই স্মরণ করিয়ে দেয় না, বরং সামনের দিনগুলোর জন্য একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গড়ার অঙ্গীকারও নবায়ন করে।


বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের বুকে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের ৫৫ বছর পূর্ণ হয়েছে। তিনি স্মরণ করেন, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, অগণিত মা-বোনের সম্ভ্রমহানি এবং মুক্তিযোদ্ধাদের সংগ্রামের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ।


তিনি আরও বলেন, ১৯৭১ সালের এই দিনে বাঙালি দৃপ্ত শপথে বিশ্বকে জানিয়ে দিয়েছিল—এই দেশ আমাদের। শহীদদের আত্মত্যাগের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাই স্বাধীনতার এই দিনে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির সেই বীর সন্তানদের।


ফারজানা শারমীন বলেন, শিশুদের সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে মেয়েশিশুদের গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। এ বিষয়ে দেশব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, “আমরা সকলে মিলে আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর দেশ গড়তে চাই।”


নারী নির্যাতন ও ধর্ষণের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে একসঙ্গে আওয়াজ তোলার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অন্যায়ের বিরুদ্ধে এখনই সোচ্চার হওয়ার সময় এসেছে। সমাজকে নিরাপদ করতে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।


তিনি শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, কঠোর পরিশ্রম করে লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা, খেলাধুলা, বই পড়া, ছবি আঁকা এবং আদব-কায়দা শিখে প্রকৃত শিক্ষিত মানুষ হতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে।


প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার ঘোষণায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের যে অঙ্গীকার ছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি; বরং নানা ধরনের অন্যায়-অবিচার ঘটেছে। তবে তিনি হতাশ না হয়ে দলমত নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি ইনসাফভিত্তিক, স্বনির্ভর, নিরাপদ ও কর্মমুখর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।


অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির দায়িত্বে থাকা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোছা. আরজু আরা বেগম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শিশু ও সমন্বয়) শবনম মোস্তারী। এছাড়া শিশু শিল্পী জাইমা তাসরিন ও রায়হান মাহমুদ বক্তব্য দেন।


পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানের শেষপর্বে শিশু একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৭.০৩.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com