Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি-স্বরাস্ট্রমন্ত্রী

০২ মার্চ ২০২৬ • ০৫:০৭ অপরাহ্ন

অনলাইন ডেস্ক। 

জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অফার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কোন দল পাচ্ছে— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল। সেই সনদের প্রতি সম্মান দেখিয়ে সরকার এখন থেকেই তা বাস্তবায়ন শুরু করতে চায়।

তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিক ও সরাসরি সাক্ষাতে অফার করা হয়েছে, যাতে তারা ডেপুটি স্পিকার পদে প্রার্থী নির্ধারণ করেন। আমরা চাই স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকারও নির্বাচিত হোক।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা। সে বিষয়টি বিবেচনায় রেখেই এ প্রস্তাব দেওয়া হয়েছে। এটি সরকারের পক্ষ থেকে একটি ‘গুড উইল’ বা সদিচ্ছার প্রকাশ।

তিনি জানান, সংবিধান অনুযায়ী সরকারি দল চাইলে স্পিকার ও ডেপুটি স্পিকার— উভয় পদই নিজেদের দখলে রাখতে পারে। তবে রাজনৈতিক সমঝোতা ও গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করার স্বার্থে সরকার বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার প্রস্তাব করেছে।

উচ্চকক্ষ গঠনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি এখনো আলোচনার বিষয়। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও আলোচনা প্রয়োজন। তবে ডেপুটি স্পিকার পদ নিয়ে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

তিনি বলেন, সরকার চাইছে জাতীয় সংসদে একটি ভারসাম্যপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হোক। বিরোধী দলকে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে সংসদীয় কার্যক্রম আরও কার্যকর হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব সংসদে পারস্পরিক আস্থা বৃদ্ধির একটি ইতিবাচক বার্তা বহন করে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বিরোধী দলের অবস্থানের ওপর।

বর্তমানে রাজনৈতিক অঙ্গনে এ ঘোষণাকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ প্রস্তাবে কী সিদ্ধান্ত নেয় এবং স্পিকার নির্বাচনের দিন ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হয় কি না।

বিজ্ঞাপন channeljaintanews24.com