ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। রবিবার দুপুরে ছাতক শহরের কলিম উদ্দিন আহমদ মিলনের বাসভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে ছাতকে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকরা অংশ নেন।
সভায় তিনি বলেন, অতীতের নানাবিধ রাজনৈতিক ষড়যন্ত্র ও বৈষম্যের শিকার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত ছাতক-দোয়ারার কাংখিত উন্নয়নই আমার জীবনের সাধনা ও মুল লক্ষ্য।
তিনি আরো বলেন, ছাতকের দক্ষিণাঞ্চলসহ পুরো ছাতক উপজেলা ও দোয়ারাবাজার উপজেলার যোগাযোগ ব্যবস্হা আজ বিধ্বস্ত ও বিপর্যস্ত, এখানের সকল রাস্তাগুলো ভেঙে চুরে-গুড়িয়ে গেছে। পথচারী ও যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে অধিকাশংশ রাস্তা। এসবের উন্নয়ন, শিল্প কার খানায় স্থানীয় লোকের চাকুরীর ব্যবস্থা করা, চিকিৎসা সেবা ও শিক্ষা খাতের আরো উন্নয়ন করতে হবে।এই পথচলায় সমাজের গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও সহযোগিতাই হবে আমার সবচেয়ে বড় প্রেরণা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিলন বলেন, কমলালেবু, তেজপাতা, চুন-চুনাপাথর, বোল্ডার পাথর ইত্যাদির ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিককান্ডে ব্রিটিশ আমলে বৃহত্তর ছাতকের সুনাম ও ঐতিহ্য সুদূর ইংল্যান্ড ও ভারতবর্ষে ছড়িয়ে ছিল। সঠিক নেতৃত্ব ও বিভিন্ন বৈষম্যের যাঁতাকলে ছাতকের পুরনো ইতিহাস ও ঐতিহ্য আজ অনেকাংশেই বিলুপ্ত। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন এলাকার অভুতপূর্ব অর্থনৈতিক উন্নয়নে ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে-কে সংস্কার ও ক্যাবল কার সংযুক্তির মাধ্যমে পর্যটন শিল্পে নিয়ে আসা অতীব জরুরি। এছাড়াও , মুক্তিযুদ্ধের ৫ নং সেক্টর হেড কোয়াটার বাঁশতলা হকনগরে নতুন অবকাঠামো নির্মাণসহ আকর্ষণীয় পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলার প্রয়োজন, ছাতকের সুরমা ব্রিজের এপ্রোচ সড়কের ব্যবস্থা করা হবে।
এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক,চেয়ারম্যান শামসুল হক নমু, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, উপজেলা আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ,সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।