Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ১২:৩৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, কুলাউড়ার ২২ বাগানে শেষ মুহূর্তের প্রচারণা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ১২:৩৭ অপরাহ্ন

কুলাউড়া:


বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং বি-৭৭) কেন্দ্রীয় নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচন যত ঘনিয়ে আসছে, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ২২টি চা বাগানে ততই বাড়ছে প্রচার-প্রচারণার উত্তাপ। শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন আদায়ে প্রার্থীরা বাগানে বাগানে গণসংযোগ, পথসভা ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ আট বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা শ্রমিকদের মধ্যেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এ উপজেলায় মোট ভোটার ৮ হাজার ৬৫৬ জন।


উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গত ১৫ নভেম্বর প্রকাশিত প্রতীক বরাদ্দের তালিকা অনুযায়ী, কুলাউড়া উপজেলার ২২টি চা বাগানের পঞ্চায়েত কমিটিতে মোট ৬২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে লংলা ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তাঁরা হলেন নাছানা পাশী (তালাচাবি), দীপঙ্কর ঘোষ (টর্চলাইট) ও সঞ্জু অধিকারী (আম)। নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।


উপজেলার ২২টি চা বাগান হলো—মুরইছড়া, চাতলাপুর, তিলকপুর, আসগরাবাদ, রাজানগর, সিরাজনগর, লোয়াইউনি, হলিছড়া, হিংগাজিয়া, কালিটি, ক্লিভডন, দিলদারপুর, তারাপাশা, পাল্লাকান্দি, বিজয়া, রাঙ্গীছড়া, রেহানা, বরমচাল, গাজীপুর, ঝিমাই, মেরিনা ও লংলা।


নির্বাচন সামনে রেখে প্রার্থীরা শ্রমিকদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের প্রতিশ্রুতি ও নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন। বিশেষ করে শ্রমিকদের ন্যায্য মজুরি, রেশন, ভূমির অধিকার, চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়গুলো প্রচারণায় গুরুত্ব পাচ্ছে।


লংলা ভ্যালি কার্যকরী পরিষদে টর্চলাইট প্রতীকের দীপঙ্কর-ঝুমু-বিশ্বজিৎ প্যানেলের নির্বাচনী ইশতেহারে বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য মজুরি, পূর্ণাঙ্গ রেশন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, বসতভিটা ও কৃষিজমির স্থায়ী বন্দোবস্ত এবং চা শ্রমিকদের সন্তানদের প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার সুযোগ নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে।


এ ছাড়া প্রতিটি চা বাগানে আধুনিক হাসপাতাল নির্মাণ, পর্যাপ্ত এমবিবিএস চিকিৎসক ও নার্স নিয়োগ, অ্যাম্বুলেন্স ও আধুনিক রোগ নির্ণয় কেন্দ্র স্থাপন, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, চা আবাদ সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমিকস্বার্থবিরোধী আইন বাতিলের দাবিও ইশতেহারে স্থান পেয়েছে।


লংলা ভ্যালি সাধারণ সম্পাদক পদপ্রার্থী গাজীপুর চা বাগানের অশোক কুমার গোয়ালা (বাবলু) বলেন, এবারের নির্বাচন খুব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। তাঁদের প্যানেল বিপুল ভোটে জয়লাভ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


অন্যদিকে কালিটি চা বাগানের বর্তমান ভারপ্রাপ্ত পঞ্চায়েত সভাপতি অনিমা অলমিক এবং বাগানের স্থায়ী শ্রমিক মিনা পাশী ও প্রমেশ নাইডুও সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।


চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিক বলেন, দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত চা শ্রমিক প্রতিনিধিরা শ্রমিকদের কল্যাণে সত্যিকার অর্থে কাজ করবেন, এমন প্রত্যাশা তাঁদের। এবারের নির্বাচনে রাজনৈতিক প্রভাব পরিলক্ষিত হচ্ছে না উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।


বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও দীর্ঘ আট বছর ধরে কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবারের নির্বাচনে দেশের বিভিন্ন চা বাগানের প্রায় এক লাখ শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করবেন। কেন্দ্রীয় নির্বাচনে ছয় শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


দীর্ঘ আট বছর পর নির্বাচনকে ঘিরে চা শ্রমিকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা নিজেদের পক্ষে সমর্থন আদায়ে জোর তৎপরতা চালাচ্ছেন। শ্রমিকদের প্রত্যাশা, ভোটের মাধ্যমে এমন নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, যারা তাঁদের দীর্ঘদিনের বঞ্চনা, মজুরি বৈষম্য, আবাসন, ভূমির অধিকার, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৭.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com