শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। এমনকি নতুন ভোটার হতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ক্ষেত্রেও ৪ থেকে ৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব অভিযোগ উত্থাপন করা হয়। অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও। তবে অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল।
সভায় সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন অভিযোগ করেন, নির্বাচন অফিসে টাকা ছাড়া কাজ হয় না বলে সাধারণ মানুষের মধ্যে ধারণা রয়েছে। টাকা না দিলে বিভিন্ন অজুহাতে সেবাপ্রত্যাশীদের হয়রানি করা হয় বলেও তিনি দাবি করেন।
নিজের কয়েকটি তদবিরের অভিজ্ঞতা তুলে ধরে আনছার উদ্দিন বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা অফিসের কথিত প্রক্রিয়া অনুসরণ করে গেলে কাজ করে দেওয়া হয়, কিন্তু অন্যভাবে গেলে কখনো কাগজপত্রের অভাব, কখনো সময়ের অজুহাত দেখানো হয়। রাজনীতি করেন মানুষের উপকারের জন্য উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষ এসব অভিযোগ নিয়ে তাঁদের কাছে এলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এভাবে চলতে থাকলে মানুষের ক্ষোভ বাড়বে, যা একপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে। তিনি অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকনও নির্বাচন অফিসের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তোলেন। তিনি বলেন, নিজেও এ অফিসের সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছেন। তাঁর অভিযোগ, নতুন ভোটার হওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতেও ৪ থেকে ৫ হাজার টাকা দিতে হয়। টাকা ছাড়া নতুন ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যায় না বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। এভাবে চলতে থাকলে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
সভায় নির্বাচন অফিসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠায় উপস্থিত সদস্যদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিযোগগুলো তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনওর প্রতি আহ্বান জানান কমিটির সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, নির্বাচন অফিসের বিষয়ে তাঁর কাছেও এ ধরনের অভিযোগ এসেছে। বিষয়টি প্রশাসনিকভাবে খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল। তিনি বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি উপস্থিত ছিলেন না। তাঁর ও তাঁর কার্যালয়ের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। টাকা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
বিএনপি নেতা আনছার উদ্দিনের অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কর্মকর্তা বলেন, একজন নারীর নাম সংশোধনসংক্রান্ত বিষয়ে তিনি তাঁর কাছে তদবির করেছিলেন। কিন্তু ওই নারীর সনদসহ অন্যান্য কাগজপত্রে যে নাম রয়েছে, তার বাইরে অন্য নাম দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করা আইনগতভাবে সম্ভব নয়। এ কারণে কাজটি করে দেওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, চেয়ারম্যান কয়েকজন ভোটারের স্থানান্তরসংক্রান্ত কাজ করতে চেয়েছিলেন। কিন্তু ভোটার স্থানান্তরের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় ওই কাজ করা সম্ভব হয়নি।
সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার ও দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরানসহ কমিটির অন্যান্য সদস্যরা।