মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার যুবদলের ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে তাঁদের নিজ নিজ পূর্বের সাংগঠনিক পদে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ বহিষ্কৃত নেতারা আবারও স্বপদে ফিরছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু।
এ ছাড়া কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব নোমান আহমেদ, যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ, গোলাম রাব্বী, আছনাজ চৌধুরী ইমন, মো. জিয়া উদ্দিন চৌধুরী, ইজ্জাদুর রহমান ও সদস্য সিপার আহমদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে, কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রোবেল ও আব্দুল রোবেল ভূঁইয়ার বহিষ্কারাদেশও প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আগের সাংগঠনিক পদে পুনর্বহাল করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসব নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তী সময়ে তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।