মৌলভীবাজার প্রতিনিধি
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্যবাহী নৃত্য-গীত ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে শেষ হয়েছে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতভর শ্রীকৃষ্ণের রাসলীলা অনুসরণে মণিপুরী নারীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে বুধবার (২৫ নভেম্বর) ঊষালগ্নে সমাপ্তি ঘটে দুই দিনব্যাপী এ মহোৎসবের।
উৎসবকে কেন্দ্র করে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে হাজারো ভক্ত, দর্শনার্থী ও দেশি-বিদেশি পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে কমলগঞ্জের মণিপুরী অধ্যুষিত অঞ্চল। রাত যত গভীর হয়েছে, দর্শনার্থীদের ভিড় তত বেড়েছে। একপর্যায়ে জনসমাগম সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও হিমশিম খেতে হয়।
মঙ্গলবার দুপুর থেকে গোধূলিলগ্ন পর্যন্ত অনুষ্ঠিত হয় রাখালনৃত্য বা গোষ্ঠলীলা। মাধবপুরের শিববাজার জোড়ামণ্ডপের উন্মুক্ত মঞ্চে কলাগাছের বেষ্টনী দিয়ে তৈরি বৃত্তাকার স্থানে এ নৃত্য পরিবেশিত হয়। এতে শ্রীকৃষ্ণের বাল্যলীলা নৃত্যাভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। পরে রাতভর চলে মূল মহারাসলীলা। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত মণিপুরী নারীদের নৃত্য, সংগীত ও বাদ্যযন্ত্রের সুরে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।
রাসোৎসব উপলক্ষে মাধবপুরে বসে রকমারি পণ্যের বিশাল মেলা। মঙ্গলবার রাত ৯টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
আয়োজকেরা জানান, কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরীদের প্রধান ধর্মীয় উৎসব হিসেবে শ্রীকৃষ্ণের মহারাসলীলার আয়োজন করা হয়। মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে মাধবপুরের শিববাজার জোড়ামণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ১৮৪তম মহারাসলীলা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে উপজেলার আদমপুরে মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৪১তম রাস পূর্ণিমা উৎসব।
মণিপুরীদের রাসলীলার বিভিন্ন ধরন রয়েছে। এর মধ্যে নিত্যরাস, কুঞ্জরাস, বসন্তরাস, মহারাস, বেনিরাস ও দিবারাস উল্লেখযোগ্য। শারদীয় পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় বলে মহারাসকে মণিপুরীরা পূর্ণিমারাসও বলে থাকেন।
মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সিংহ বলেন, এবারের রাসোৎসব অনেক বড় পরিসরে আয়োজন করা হয়েছে। উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি ছিল। প্রায় এক মাস আগে থেকেই উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হয়।
দুই সম্প্রদায়ের পৃথক আয়োজনে অনুষ্ঠিত এ রাসোৎসবকে ঘিরে কমলগঞ্জ পরিণত হয় ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক বর্ণিল মিলনমেলায়। দেশ-বিদেশের হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবের মধ্য দিয়ে মণিপুরী সম্প্রদায়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন করে সবার সামনে উঠে আসে।