Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ০২:৪৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

৬১৮ কোটি টাকার সড়ক প্রকল্পের কাজ উদ্বোধন, হুইপ জি কে গউছের সতর্কবার্তা—‘নির্মাণকাজে কেউ হস্তক্ষেপ করবেন না’

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ০২:৪৯ পূর্বাহ্ন

আশীষ দাশ গুপ্ত, লাখাই (হবিগঞ্জ): দীর্ঘদিনের প্রত্যাশিত হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার নির্মাণকাজ শুরু হয়েছে। ৬১৮ কোটি টাকা ব্যয়ে বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। প্রকল্পের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ।


তিনি বলেছেন, সড়কের নির্মাণকাজে কেউ যেন কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কারও অসহযোগিতার কারণে যেন উন্নয়নকাজ বন্ধ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। জনগণের ভোগান্তি সৃষ্টি হয়, এমন কোনো কাজে কেউ জড়িত হবেন না।


সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জি কে গউছ বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিএনপি ক্ষমতায় গেলে এবং আমি নির্বাচিত হলে হবিগঞ্জ-লাখাই সড়ক চার লেনে উন্নীত করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কটির অনুমোদন দিয়েছেন এবং অর্থ বরাদ্দ করেছেন। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। এখন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।


তিনি আরও বলেন, জনগণের প্রয়োজন ও সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এ প্রকল্পে আরও অর্থের জোগান দেবেন বলে আশা করছি। দ্রুততম সময়ে কাজ শেষ করে জনগণের ভোটের ঋণ পরিশোধ করতে চাই।


দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হুইপ বলেন, উন্নয়নকাজে সহযোগিতা করতে হবে। নিজেদের অসহযোগিতা কিংবা কোনো ধরনের বাধার কারণে যেন নির্মাণকাজ ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।


দেশের গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে, যাতে কোনো কারণে দেশের গণতন্ত্র হুমকির মুখে না পড়ে। তাঁর অভিযোগ, এত দিন যারা গোপনে ছিল, তারা এখন প্রকাশ্যে এসে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিতভাবে এসব অপতৎপরতা মোকাবিলা করা হবে।


আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে জি কে গউছ বলেন, আওয়ামী লীগের অপকর্মের কারণে দেশের মানুষ একসময় প্রতিবাদে ফুঁসে উঠেছিল। তাঁর ভাষায়, যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না। বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসিমুখে কারাগারে গিয়েছেন। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিলেন। গুলি ও গ্রেপ্তারের শিকার হলেও তাঁরা রাজপথ ছেড়ে যাননি।


তিনি আরও বলেন, চোরাগোপ্তা হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ কিংবা পরিবহন শ্রমিক হত্যা করে মানুষের হৃদয় জয় করা যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে তাদের পাশে দাঁড়াতে হবে এবং সমস্যা সমাধানে ভূমিকা রাখতে হবে।


জি কে গউছের অভিযোগ, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট করেছে এবং মানুষের ভোটাধিকার ও বাক্‌স্বাধীনতা হরণ করেছে। এ কারণেই ৫ আগস্ট সারাদেশের মানুষ প্রতিবাদে ফেটে পড়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ৫ আগস্ট কোনো একক দলের অর্জন নয়, এটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের অর্জন।


প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করতে মোট ৬১৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে সড়ক নির্মাণে ৩৯৬ কোটি টাকা, ভূমি অধিগ্রহণে ২১৯ কোটি ১৪ লাখ টাকা এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন স্থানান্তরে ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। চারটি প্যাকেজে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে। নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ মাস।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, লাখাই উপজেলা বিএনপির সভাপতি আক্তার আহাদ স্বপন, সিনিয়র সহসভাপতি শেখ ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, সহসভাপতি মো. শাহাজন মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও জাসাসের নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৫.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com