Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ০৫:৩৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে মূলাগুল বাজারের ঘটনায় সম্পৃক্ততা অস্বীকার আফসর উদ্দিনের, নিরপেক্ষ তদন্ত দাবি

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ০৫:৩৯ অপরাহ্ন

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:


সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী মূলাগুল বাজারে পুলিশের কাছ থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সদস্য আফসর উদ্দিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগকে মিথ্যা ও দুঃখজনক দাবি করে ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে আফসর উদ্দিন দাবি করেন, পুলিশের হাতে শহিদ নামে এক ব্যক্তি আটক হওয়ার পর তাঁকে ছাড়িয়ে নিতে কিছু লোক পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েন। তবে ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। পরে বাজারে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং সবাইকে বিশৃঙ্খলা থেকে বিরত থাকার অনুরোধ জানান।


আফসর উদ্দিনের দাবি, ঘটনার পর পুলিশ সদস্যদের সঙ্গে তিনি সৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁদের চা-নাশতা খাওয়ান। তাঁর ভাষ্য অনুযায়ী, তিনি ও তাঁর বড় ভাই বরং পরিস্থিতি স্বাভাবিক করতে ভূমিকা রেখেছেন। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নেতৃত্বে মব সৃষ্টি, পুলিশের ওপর হামলা এবং হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ প্রচার করা হচ্ছে।


এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে দলীয় সংগঠন থেকেও বহিষ্কার করা হয়েছে উল্লেখ করে আফসর উদ্দিন বলেন, অভিযোগের সত্যতা যাচাই না করে এ ধরনের প্রচারণা অত্যন্ত দুঃখজনক। তিনি সাংবাদিক, রাজনৈতিক সচেতন মহল ও প্রশাসনের প্রতি সরেজমিনে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা প্রমাণিত হলে জনসমক্ষে যেকোনো শাস্তি মেনে নিতেও প্রস্তুত বলে স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।


আশিক উদ্দিন চৌধুরীকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ


একই স্ট্যাটাসে কানাইঘাটের সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান এবং কানাইঘাট-জকিগঞ্জ বিএনপির অভিভাবক হিসেবে পরিচিত আশিক উদ্দিন চৌধুরীকে আওয়ামী লীগ ও ‘ডেভিলদের’ সহযোগী হিসেবে আখ্যায়িত করারও প্রতিবাদ জানান আফসর উদ্দিন।


তিনি প্রশ্ন তুলে বলেন, আশিক উদ্দিন চৌধুরী কোথায়, কখন আওয়ামী লীগ বা সংশ্লিষ্টদের সহযোগিতা করেছেন, তার সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হোক। বিএনপির দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা এবং নেতাকর্মীদের পাশে থাকার বিষয়টিও তুলে ধরেন তিনি।


এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবহার, তাঁদের কাছ থেকে চাঁদা আদায় এবং আওয়ামী লীগের লোকজন দিয়ে বিএনপির কমিটি গঠনের অভিযোগ তুলে সংশ্লিষ্টদের নিজেদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি।


বক্তব্যের শেষাংশে আফসর উদ্দিন বলেন, তিনি কারও প্রতি অন্যায় করতে চান না, আবার নিজের ওপরও অন্যায় মেনে নেবেন না। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং তাঁর বিরুদ্ধে ছড়ানো মিথ্যা প্রচারণার অবসান চান তিনি।


উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাতে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মূলাগুল বাজারে পুলিশের কাছ থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় আফসর উদ্দিনের সম্পৃক্ততার অভিযোগ সামনে আসার পর ২৩ নভেম্বর তাঁকে দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানায় সিলেট জেলা বিএনপি। তবে আফসর উদ্দিন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৪.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com