Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ০৪:২৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

মৌলভীবাজারে চায়ের প্যাকেজিং ইউনিট উদ্বোধন করলেন পর্তুগিজ রাজকন্যা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ০৪:২৭ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি:


সিলেট অঞ্চলের চায়ের ঐতিহ্য ও সুনাম আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মৌলভীবাজারে যাত্রা শুরু করেছে ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জের উদ্যোগে প্রতিষ্ঠিত এ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পর্তুগিজ রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা।


রোববার (২২ নভেম্বর) সকালে মৌলভীবাজারের মোকামবাজার এলাকায় সৌদি আরবপ্রবাসী শামিম আহমদের ভবনে এ প্যাকেজিং ইউনিটের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন, বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প ইউনিটের পরিচালক মো. রফিকুল ইসলামসহ দেশ-বিদেশের চা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।


সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের চায়ের ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে পরিচিতি পাবে। বিশেষ করে ইউরোপের বাজারে সিলেট অঞ্চলের চায়ের ব্র্যান্ডিং, বিপণন ও রপ্তানি সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


এই প্যাকেজিং ইউনিটের মাধ্যমে বাংলাদেশের চায়ের ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার ‘হাউস অব ব্রাগাঞ্জা’র নাম। সংশ্লিষ্টদের প্রত্যাশা, রাজপরিবারের এই পরিচিতি ও আন্তর্জাতিক যোগাযোগ কাজে লাগিয়ে বিশ্ববাজারে সিলেটের চায়ের গ্রহণযোগ্যতা আরও বাড়ানো সম্ভব হবে।


অনুষ্ঠানে পর্তুগিজ রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা বলেন, সিলেট টি এক্সচেঞ্জের আমন্ত্রণে এখানে আসতে পেরে তিনি আনন্দিত। এই উদ্যোগের মাধ্যমে সিলেটের চায়ের বাজার আরও সমৃদ্ধ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এটি একটি বড় দায়িত্ব। কারণ আপনাদের সবকিছুই আছে। আপনাদের চায়ের গুণগত মান আছে, পেছনে অসাধারণ অভিজ্ঞতার কাজ রয়েছে এবং নিশ্চয়তাও আছে। এখানে আমার কাজ হলো সম্ভাব্য সেরা উপায়ে আপনাদের পণ্য চা তুলে ধরা ও প্রচার করা।”


সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, স্থানীয় মানুষের আন্তরিকতা এবং চায়ের গুণগত মানে মুগ্ধতা প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি আসার পর থেকেই এখানকার চা-বাগান, চমৎকার দৃশ্য, অসাধারণ মানুষ এবং আপনাদের পণ্যের গুণগত মান দেখে পুরোপুরি মুগ্ধ হয়েছি। আমি নিশ্চিত, আপনারা ভালো করবেন। আশা করি, বিশ্বে সিলেটের চা সম্ভাব্য সেরা হবে। কারণ এ দেশ অত্যন্ত মূল্যবান এবং এই স্বীকৃতি আপনাদের প্রাপ্য।”


চা-সংশ্লিষ্টদের মতে, ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট চালুর মধ্য দিয়ে দেশের চা শিল্পের জন্য আন্তর্জাতিক বাজারে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। যথাযথ ব্র্যান্ডিং, মান নিয়ন্ত্রণ ও কার্যকর বিপণন নিশ্চিত করা গেলে সিলেটের চা ইউরোপসহ বিশ্বের বিভিন্ন বাজারে আরও সুপরিচিত হয়ে উঠতে পারে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৩.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com