Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ১২:৫৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

গভীর রাতে জৈন্তাপুরে যৌথ অভিযান, উদ্ধার ১৯টি প্লাস্টিক বিস্ফোরক

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ১২:৫৮ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।


সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও এসআরবির যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।


বিজিবির প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, এসআরবির প্রযুক্তিগত সহায়তায় সন্দেহভাজন টার্গেটের সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়। অবস্থানটি জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮০/১-এস ও ১২৮০/২-এস-এর মধ্যবর্তী স্থান থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীপুর পিকনিক স্পট এলাকায় ছিল।


পরে যৌথ আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টার্গেটের সর্বশেষ অবস্থান ঘেরাও করে। এ সময় বিজিবির কে-৯ (ডগ স্কোয়াড) দিয়ে তল্লাশি চালানো হলে সেখানে পরিত্যক্ত অবস্থায় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক এবং সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়।


প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, চলতি বছর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে।


এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


তিনি আরও বলেন, বিজিবি নিয়মিতভাবে সীমান্ত ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে বিজিবি ও এসআরবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব বিস্ফোরক ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।


উদ্ধারকৃত বিস্ফোরক ও মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৩.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com