জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে সিলেটের জকিগঞ্জকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি নতুন করে আলোচনায় এসেছে। দীর্ঘ ৫৫ বছর পর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জকিগঞ্জ ও কানাইঘাটের রণাঙ্গনে সফরে আসছেন জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। আগামী ৩ ডিসেম্বর তাঁর এই সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের আমন্ত্রণে স্পিকারের এ সফর অনুষ্ঠিত হবে। সফরকালে তিনি কানাইঘাট উপজেলার সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের কবর জিয়ারত করবেন। পরে জকিগঞ্জ উপজেলার চারিগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন এবং উপজেলা সদরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জকিগঞ্জ ও কানাইঘাট অঞ্চলের বিভিন্ন সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ৫৫ বছর পর সেই রণাঙ্গনের স্মৃতিবিজড়িত এলাকায় তাঁর প্রত্যাবর্তনকে ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা।
মুক্তিযুদ্ধের সময় কানাইঘাটের চাপনগরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তম। ওই যুদ্ধে মেজর হাফিজ উদ্দিন আহমদও অংশ নিয়েছিলেন। যুদ্ধের সময় তাঁর সামনেই শহীদ হন ক্যাপ্টেন মাহবুব। পরে তাঁকে ওই এলাকাতেই সমাহিত করা হয়। দীর্ঘদিন পর শহীদ এই মুক্তিযোদ্ধার কবর জিয়ারত করতে স্পিকারের আগমন স্থানীয় মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের দাবিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জাতীয় সংসদেও তুলে ধরেছেন স্থানীয় সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। গত ৭ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের বিষয়টি তুলে ধরেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে কানাইঘাট ও জকিগঞ্জ অঞ্চলে সংঘটিত ঐতিহাসিক সম্মুখযুদ্ধের প্রসঙ্গও সংসদে উপস্থাপন করেন।
স্থানীয় সচেতন মহলের মতে, জকিগঞ্জ ও কানাইঘাটের মুক্তিযুদ্ধের ইতিহাস জাতীয় পর্যায়ে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন। তাঁদের প্রত্যাশা, স্পিকারের সরেজমিন সফরের মধ্য দিয়ে জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ এবং ঐতিহাসিক ঘটনাগুলোর যথাযথ মূল্যায়নের বিষয়টি আরও গুরুত্ব পাবে।
স্পিকারের সফর উপলক্ষে সিলেটে প্রস্তুতি সভা
স্পিকারের সফর সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি।
সভায় সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক এম এ কাইয়ূম চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানসহ সিলেট বিভাগের জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, স্পিকারের সফর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপিসহ সিলেট বিভাগের মন্ত্রী ও সংসদ সদস্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর সকাল ৯টায় স্পিকার ও অতিথিরা হেলিকপ্টারযোগে সংসদ ভবন থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন। সকাল ১০টায় জকিগঞ্জের নির্ধারিত হেলিপ্যাডে অবতরণের পর তাঁরা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচি শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।
মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর রণাঙ্গনের একজন প্রত্যক্ষ যোদ্ধা হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের এই সফর জকিগঞ্জ ও কানাইঘাটের ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিনের দাবি রাষ্ট্রীয় পর্যায়ে যথাযথ গুরুত্ব পাবে এবং আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতিগুলো সংরক্ষণের উদ্যোগ আরও বেগবান হবে।