Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ০১:৩৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সাংবাদিকদের আইনগত সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান তথ্য অফিসার

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ০১:৩৫ অপরাহ্ন

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আইনগত সুরক্ষা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমেদ। তিনি বলেছেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে গণমাধ্যম সংস্কার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। এসব সুপারিশ বাস্তবায়ন করা হলে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা আরও সুদৃঢ় হবে।


শনিবার (২১ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহসিন অডিটোরিয়ামে আঞ্চলিক তথ্য অফিস, সিলেট আয়োজিত ‘গণমাধ্যমকর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধান তথ্য অফিসার আরও বলেন, সরকারের প্রচার কার্যক্রম পরিচালনা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় সাধনে তথ্য অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সঙ্গে সমন্বয়, অনলাইন ও আইপি টেলিভিশনের নিবন্ধন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা প্রদান এ অধিদপ্তরের অন্যতম দায়িত্ব।


তিনি জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকরা যাতে হয়রানি কিংবা অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি না হন, সে লক্ষ্যে আইনগত সুরক্ষা নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে। বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সাংবাদিক সুরক্ষা আইনের একটি খসড়া প্রণয়নের প্রস্তাব সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। বর্তমানে প্রস্তাবটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন রয়েছে। সাংবাদিকদের স্বার্থে আইনটি দ্রুত প্রণীত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সম্মানী প্রসঙ্গে সৈয়দ আবদাল আহমেদ বলেন, অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীদের শুধু পরিচয়পত্র দিয়েই দায়িত্ব শেষ করে। তাঁদের যথাযথ সম্মানী ও মূল্যায়ন নিশ্চিত করা হয় না। এ অবস্থার পরিবর্তনে গণমাধ্যম সংস্কার কমিশন বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের মর্যাদা ও ন্যায্য সম্মানী নিশ্চিত করার সুপারিশ করেছে। সরকার এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


বর্তমান সরকারের গণমাধ্যমবান্ধব ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সংবাদপত্র, টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে সহযোগিতামূলক পরিবেশ বজায় রেখেছে। প্রধানমন্ত্রী নিয়মিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করছেন এবং সাংবাদিকদের সঙ্গে বৈঠক করছেন। পাশাপাশি তথ্য অধিদপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হচ্ছে।


সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে প্রধান তথ্য অফিসার বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রতিটি প্রতিবেদন হতে হবে বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী, যা সমাজ, মানুষ, দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখবে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সম্মিলিত প্রত্যয়ে পরিণত করে দেশের উন্নয়ন ও কল্যাণে সবাইকে কাজ করতে হবে।


আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার উজ্জ্বল শীল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমদ এবং আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীনসহ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com