মৌলভীবাজার:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় লোকালয়ের সড়ক থেকে প্রায় আট ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে অক্ষত অবস্থায় সাপটিকে উপজেলার পুটিছড়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বটনিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলা লোকালয়ের সড়কে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান এলাকাবাসী। হঠাৎ সাপটির উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।
উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট এবং বয়স আনুমানিক আড়াই বছর বলে জানিয়েছে বন বিভাগ।
বন বিভাগের বিট কর্মকর্তা মোহাম্মদ সাজন জানান, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় অজগরটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার পুটিছড়া সংরক্ষিত বনে সাপটিকে অবমুক্ত করা হয়েছে।
বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। লোকালয়ে বন্যপ্রাণী দেখা গেলে সেগুলোকে হত্যা বা আঘাত না করে বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।