কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে এবার নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রায় পাঁচ মাস পর মসজিদের ১৫টি দানসিন্দুক খুলে পাওয়া ৫১ বস্তা টাকা গণনা শেষে মিলেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। দানসিন্দুক থেকে পাওয়া অর্থের হিসাবে এটি এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসন ও মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতিতে দানসিন্দুকগুলো খোলা হয়। পরে ৫১ বস্তা টাকা মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে গণনা শুরু হয়। প্রায় ১৫ ঘণ্টার গণনা শেষে রাত সোয়া ১০টার দিকে টাকার চূড়ান্ত পরিমাণ নিশ্চিত করা হয়।
জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, এবার দানসিন্দুক থেকে পাওয়া অর্থ এ যাবৎকালের সর্বোচ্চ। নগদ টাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ ও রুপার অলংকারও পাওয়া গেছে।
এর আগে গত ২৭ জুন পাগলা মসজিদের ১৩টি দানসিন্দুক খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। তখন ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। প্রায় চার মাস ২৪ দিন পর এবার দানসিন্দুক খুলে আগের রেকর্ড ছাড়িয়ে গেছে।
জানা গেছে, দানসিন্দুক খোলা ও টাকা গণনার সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণনায় মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মসজিদ কমিটির সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
পাগলা মসজিদের দানের অর্থ মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের ব্যয় নির্বাহের পাশাপাশি মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং অসহায় ও জটিল রোগে আক্রান্ত মানুষের সহায়তায় ব্যয় করা হয়। ব্যয় নির্বাহের পর অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা রাখা হয়।
কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে নিয়মিত বিপুলসংখ্যক মানুষ দান করতে আসেন। নির্দিষ্ট সময় পরপর দানসিন্দুক খোলা হলে বিপুল পরিমাণ নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা ও মূল্যবান সামগ্রী পাওয়া যায়।