Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ০৯:৪৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

স্থানীয় সরকারের সব নির্বাচন হবে নির্দলীয়: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ০৯:৪৫ অপরাহ্ন

ঢাকাঃ

স্থানীয় সরকারের সব নির্বাচন এখন থেকে নির্দলীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে কোনো দলীয় প্রতীক কিংবা দলীয় মনোনয়নের সুযোগ থাকবে না। তবে রাজনৈতিক দলগুলো স্থানীয়ভাবে প্রার্থীকে সমর্থন দিতে পারবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে নামকরণ ও উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতোমধ্যে আইন সংশোধন করা হয়েছে। এসব নির্বাচনে ধানের শীষসহ কোনো জাতীয় রাজনৈতিক দলের প্রতীক থাকবে না। দলীয়ভাবে মনোনয়ন দেওয়ারও সুযোগ নেই। প্রার্থীরা ব্যক্তি পরিচয়ে নির্বাচনে অংশ নেবেন। কোনো প্রার্থী তাঁর ব্যানার বা পোস্টারে নিজেকে অমুক দলের প্রার্থী হিসেবে পরিচয় দিতে পারবেন না।


তবে বিএনপি স্থানীয় পর্যায়ে সমর্থিত প্রার্থী নির্ধারণ করবে জানিয়ে মীর শাহে আলম বলেন, উপজেলা বিএনপি স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে রেজল্যুশনের মাধ্যমে সমর্থিত প্রার্থীর তালিকা তৈরি করবে। এ সিদ্ধান্ত কেউ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে উপজেলা ও জেলা বিএনপির সিদ্ধান্তের ভিত্তিতে কেন্দ্রে বিষয়টি জানানো হবে।


তিনি আরও বলেন, স্থানীয় সরকারের সব নির্বাচন নির্দলীয় হবে এবং কোনো জাতীয় প্রতীক ব্যবহার করা হবে না। স্থানীয় পর্যায়ে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে।


নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি শুরু হয়ে ২৭ মে পর্যন্ত এ নির্বাচন চলার কথা।


এর আগে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার বিষয়ে প্রতিমন্ত্রী একাধিকবার বক্তব্য দিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনেই দলীয় প্রতীক ও আনুষ্ঠানিক দলীয় মনোনয়ন থাকছে না। তবে রাজনৈতিক দলগুলোর সমর্থিত প্রার্থী থাকার সুযোগ থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com