Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ০১:৪২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সশস্ত্র বাহিনী দিবস আজ: শিখা অনির্বাণে শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দেশজুড়ে নানা আয়োজন

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ০১:৪২ পূর্বাহ্ন

আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁদের অবদানকে স্মরণ করার মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশেষ এই দিনটি।


দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে। মোনাজাতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হবে।


দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।


১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন।


এ ছাড়া প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর নির্ধারিত কার্যালয়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তিন বাহিনীর প্রধানরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।


বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা


সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। এ সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।


অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।


বিকেলে সেনাকুঞ্জে সংবর্ধনা


দিবসটি উদ্‌যাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি, বিদেশি দূতাবাসের কূটনীতিক, বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীরা অংশ নেবেন।


এ ছাড়া জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।


সিলেটসহ দেশের বিভিন্ন সেনানিবাসে আয়োজন


ঢাকার পাশাপাশি সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


সাধারণ মানুষের জন্য নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের সুযোগ


দিবসটি উপলক্ষে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলো নিকটস্থ ঘাটে নোঙর করে রাখা হবে। আজ বেলা ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সাধারণ মানুষ এসব জাহাজ দেখার সুযোগ পাবেন।


টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠান


সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরতে বাংলাদেশ টেলিভিশন শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করেছে। অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও পর্যায়ক্রমে সম্প্রচার করা হবে।


এ ছাড়া আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বেতার সম্প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘বিশেষ দুর্বার’। দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহস, আত্মত্যাগ ও অবদানকে স্মরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের ভূমিকার প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রতিবছর ২১ নভেম্বর বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com