Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ০৭:২০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোর করে ওষুধ সেবন করানোর অভিযোগ, স্বামী-সতীনের বিরুদ্ধে থানায় অভিযোগ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ০৭:২০ অপরাহ্ন

সিলেট :

সিলেটে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণ ঘটানো এবং গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও সতীনের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মামুন সৌরভ ও তাঁর প্রথম স্ত্রী মুক্তা আক্তারের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তানজিদা সুলতানা (২৬)।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের ওপর নির্যাতনের এমন অভিযোগ তুলে ধরেন তানজিদা সুলতানা।


লিখিত বক্তব্যে তিনি জানান, গত বছরের ২ জানুয়ারি প্রথম স্ত্রীর সম্মতিতে ইসলামী শরিয়াহ মোতাবেক মামুন সৌরভের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়েতে পাঁচ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছিল। বিয়ের পর থেকে তাঁরা সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন শ্যামলী আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।


তানজিদার অভিযোগ, বিয়ের পর স্বামীকে তাঁকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললেও বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন মামুন সৌরভ। এরই মধ্যে তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা হন।


তিনি অভিযোগ করেন, গত ১৮ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে স্বামী মামুন সৌরভ ও তাঁর প্রথম স্ত্রী মুক্তা আক্তার শ্যামলীর ভাড়া বাসায় আসেন। এ সময় তাঁরা গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করেন। এতে প্রতিবাদ করলে দুজন মিলে তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক ওষুধ সেবন করান। একপর্যায়ে তাঁকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এর পরপরই তাঁর রক্তক্ষরণ শুরু হয় বলে দাবি করেন তানজিদা।


তাঁর আরও অভিযোগ, ঘটনার পর অভিযুক্তরা তাঁকে প্রাণনাশের হুমকি দেন। এ বিষয়ে থানায় অভিযোগ কিংবা আদালতে মামলা করলে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।


তানজিদা জানান, ঘটনার পর আশপাশের লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় করে সিলেট উইমেন্স হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চিকিৎসা দেন। চিকিৎসা শেষে স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন তিনি।


পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন তানজিদা সুলতানা। এ ঘটনায় স্বামী মামুন সৌরভ ও তাঁর প্রথম স্ত্রী মুক্তা আক্তারের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।


সংবাদ সম্মেলনে তানজিদা সুলতানা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


তবে এ বিষয়ে অভিযুক্ত স্বামী মামুন সৌরভ ও তাঁর প্রথম স্ত্রী মুক্তা আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৯.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com