Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ১২:০৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

মৌলভীবাজারে অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, ৮ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন: গ্রেফতার ৪

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ১২:০৬ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হাবিবুর রহমানকে (১৮) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের আট ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজন এবং চোরাই ব্যাটারি কেনার অভিযোগে এক দোকানিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি, ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


গ্রেফতারকৃতরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার ৬ নম্বর একাটুনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কোজারগাঁও গ্রামের মৃত নিজাম মিয়ার ছেলে আছকান মিয়া (২৭), বড়বাড়ি সোনাপুর গ্রামের মৃত আছদ্দর মিয়ার ছেলে আমিন আলী (৪৫), একই ইউনিয়নের সিংকাপন গ্রামের মৃত কুতুব মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২) এবং মোস্তফাপুর গ্রামের মৃত মোতুজা উল্লার ছেলে আঃ মোসাব্বির (২৮)। তাঁদের মধ্যে প্রথম তিনজন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং মোসাব্বির চোরাই ব্যাটারি কেনার অভিযোগে গ্রেফতার হয়েছেন।


পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে মৌলভীবাজার পৌরসভার বড়বাড়ি সোনাপুর এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের পরিচয় শনাক্ত করে জানা যায়, নিহত হাবিবুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। গত ১৬ নভেম্বর সকাল থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন তিনি।


মরদেহ উদ্ধারের পরপরই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্তে নামে সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল। তদন্তের একপর্যায়ে বড়বাড়ি এলাকা থেকে ব্যাটারিবিহীন অবস্থায় নিহতের অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আছকান মিয়া, আমিন আলী ও সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার বড়হাট এলাকার আবিদা স্টোর নামের একটি ব্যাটারির দোকান থেকে নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে চোরাই ব্যাটারি কেনার অভিযোগে দোকানি আঃ মোসাব্বিরকেও গ্রেফতার করে পুলিশ।


যেভাবে হত্যা করা হয় হাবিবুরকে


পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গত ১৬ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে আছকান মিয়া সাধারণ যাত্রীর ছদ্মবেশে মৌলভীবাজার শহরের স্প্রিং কর্নার এলাকা থেকে হাবিবুরের অটোরিকশাটি ভাড়া করেন। পরে কৌশলে অটোরিকশাটি আমিন আলীর বাড়িতে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন আমিন।


পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়িতে পৌঁছানোর পর আছকান ও আমিন কৌশলে হাবিবুরকে আটক করেন। পরে আছকান ফোন করে সোহেল মিয়াকে সেখানে ডেকে নেন। সোহেল বাড়িতে পৌঁছালে তিনজন মিলে হাবিবুরের গলায় গলাবন্ধনী পেঁচিয়ে এবং নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর মরদেহটি আমিনের ঘরের একপাশে রেখে দেওয়া হয়।


পুলিশের প্রাথমিক তদন্তে আরও জানা যায়, হত্যাকাণ্ডের পর আছকান ও সোহেল নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি বড়হাট এলাকার আবিদা স্টোরের দোকানি আঃ মোসাব্বিরের কাছে মাত্র ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। ব্যাটারি বিক্রির টাকা দিয়ে ইয়াবা কিনে তাঁরা পুনরায় আমিনের বাড়িতে যান। সেখানে তিনজন মিলে মাদক সেবন করেন।


পরবর্তী সময়ে ১৭ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে মরদেহ গোপন করার উদ্দেশ্যে আমিনের বাড়ির পশ্চিম পাশে ছড়ার পাড়ে ঝোপের মধ্যে ফেলে রেখে তাঁরা নিজ নিজ বাড়িতে চলে যান। পরে পুলিশ আমিনের বাড়ির কাছ থেকে নিহতের ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী উদ্ধার করে জব্দ করে।


পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার চারজন


মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের প্রত্যক্ষ নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।


অভিযান ও তদন্ত কার্যক্রমে অংশ নেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, এসআই রিপটন পুরকায়স্থ, এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এসআই আশরাফুল আলম চৌধুরী, এএসআই মোদারিছ ও কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ পুলিশের অন্যান্য সদস্যরা।


এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৯.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com