সিলেট প্রতিনিধি:
সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনই জীবনের চূড়ান্ত সাফল্য নয়; প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে।
তিনি বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বজায় রাখতে হবে। ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখে উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সুনামগঞ্জ সমিতি সিলেটের কর্মকাণ্ডের প্রশংসা করে শেখ মো. নজরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সমিতি বিভিন্ন প্রশংসনীয় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে তাদের উৎসাহিত করা হচ্ছে, যা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর দরগাহ গেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে সুনামগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে আয়োজিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মো. মোজাককির হোসেন কামালীর সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ কাওছার আহমদ ও অর্থ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সমিতির সাবেক সভাপতি নাসিম হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন ও বর্তমান সাধারণ সম্পাদক ড. দিদার চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য দেন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান, জগন্নাথপুর সমিতির সভাপতি আলহাজ আবুল বসর, ছাতক সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিল, সমিতির আজীবন সদস্য ফজলুর রহমান ও রফিকুল ইসলাম, কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক সায়েদ মিয়া, সহসভাপতি নাদিরা সুলতানা ও শাহ মো. হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল আলম, অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম, এম. এ. মুকিত, সৈয়দ নেছার আহমদ, দপ্তর সম্পাদক এটিএম তারেক, প্রবাসী কল্যাণ সম্পাদক আশরাফুর রহমান চৌধুরী, সহ-ধর্মবিষয়ক সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, অধ্যাপক ড. তোফায়েল আহমদ, অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী, সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, অধ্যাপক খছরুজ্জামান, মো. কবিরুল ইসলাম, আবু তাহের মোহাম্মদ তারেক, মো. আবুল কালাম, অ্যাডভোকেট সাইদুর রহমান, রকিব উল্লাহ, আব্দুল হান্নান, সাদিকুর রহমান সাদিক, শামীম রশিদ পীর, আবুল কাশেম ও আশরাফুর রহমান চৌধুরীসহ সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে মো. মনসুর আশরাফ রাফী ও তাবাস্সুম জান্নাত ঐশী অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন। পরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় সমিতির নেতৃবৃন্দ, সংবর্ধিত শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।