Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ১২:৪৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সিলেট সীমান্তে সিসি ক্যামেরা, সার্চলাইট ও থার্মাল ড্রোনের ব্যবহার বাড়াচ্ছে বিজিবি

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ১২:৪৯ পূর্বাহ্ন

সিলেট:


সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের পাশাপাশি নাইট ভিশন ডিভাইস এবং থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানো হয়েছে। একই সঙ্গে এটিভি ও স্পিডবোটের মাধ্যমে টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় অধীনস্থ লোভাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।


প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সিলেট সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষা আরও সুসংহত করতে বিজিবি মহাপরিচালকের দিকনির্দেশনায় সরাইল রিজিয়ন কমান্ডার ও সিলেট সেক্টর কমান্ডারের নির্দেশনা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।


সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ, অবৈধ সীমান্ত পারাপার ও মানবপাচার প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো, ঝুঁকিপূর্ণ স্থানে অতিরিক্ত টহল মোতায়েন এবং সন্দেহজনক কর্মকাণ্ডের ওপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।


চলতি বছরের অর্জনের চিত্র তুলে ধরে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও বিশেষ অভিযানে এ পর্যন্ত ৭২ জন আসামিকে আটক করা হয়েছে। এসব অভিযানে ১০টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৭০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।


বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে সিলেট সেক্টরের অধীন ব্যাটালিয়নগুলো ১৭৮ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে পরিচালিত কার্যক্রমের মাধ্যমে ১৫৭ জনকে প্রতিহত করা হয়েছে।


প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াতে বিজিবি নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এসব কার্যক্রমের ফলে স্থানীয় বাসিন্দারা সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবিকে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন।


সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি এককভাবে নয়, বরং জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে বলেও জানানো হয়।


প্রেস ব্রিফিংয়ে বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অতীতেও অব্যাহত ছিল, বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com