Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ১১:৩৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সাংবাদিক জুবায়েরকে হুমকির অভিযোগ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কঠোর প্রতিবাদের সিদ্ধান্ত

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ১১:৩৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ:


সিলেটের জকিগঞ্জে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক জুবায়ের আহমদকে মুঠোফোনে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।


সোমবার (১৬ নভেম্বর) বাদ আসর জকিগঞ্জ মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি সভায় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।


জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা সাংবাদিক জুবায়ের আহমদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাবাজার পত্রিকার জকিগঞ্জ প্রতিনিধি আহসান হাবীব লায়েক।


সভায় সাংবাদিক জুবায়ের আহমদকে হুমকি দেওয়ার অভিযোগ এবং এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা বিভিন্ন মতাদর্শের অনুসারী এবং ভিন্ন ভিন্ন গণমাধ্যমে কাজ করলেও পেশাগত স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে তাঁরা ঐক্যবদ্ধ। জনস্বার্থে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করা গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় সংগঠন হিসেবে প্রেসক্লাব নীরব থাকতে পারে না।


নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক জুবায়ের আহমদ শুধু একজন সংবাদকর্মী নন, তিনি জকিগঞ্জে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সংগঠন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি। তাঁর প্রতি হুমকির বিষয়টি সংগঠনের সব সদস্যের পাশাপাশি উপজেলার অন্যান্য গণমাধ্যমকর্মীরাও উদ্বেগের সঙ্গে দেখছেন এবং তাঁর প্রতি সংহতি জানিয়েছেন।


তাঁরা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা এবং ভয়ভীতিমুক্তভাবে সংবাদ প্রকাশের সুযোগ তৈরি করা প্রশাসনের দায়িত্ব। তাই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা নিতে হবে।


সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি ও জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের জকিগঞ্জ প্রতিনিধি আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ ও জকিগঞ্জের ডাক সম্পাদক তারেক আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং সীমান্ত জার্নালের সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, তথ্যপ্রযুক্তি সম্পাদক ও জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, অফিস সম্পাদক ও জেড টিভির সম্পাদক আব্দুশ শহীদ শাকির এবং সাপ্তাহিক সবুজ প্রান্তের স্টাফ রিপোর্টার উবেদুল্লাহ তালুকদার প্রমুখ।


সভায় নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সাংবাদিক জুবায়ের আহমদের নিরাপত্তা নিশ্চিত করা, হুমকির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৭.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com