Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ১০:৩১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে আটক ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক ফেরত দেবে পুলিশ, মানতে হবে ৫ শর্ত

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ১০:৩১ পূর্বাহ্ন

সিলেট: সিলেট মহানগরীতে অভিযানে আটক ব্যাটারিচালিত অবৈধ রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম শর্তসাপেক্ষে মালিক ও চালকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তবে ফেরত পাওয়া এসব যানবাহন মহানগর এলাকায় পুনরায় চালানো কিংবা বিক্রি করা যাবে না। এ জন্য মালিক ও চালকদের পাঁচটি শর্ত পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশের ট্রাফিক বিভাগে আবেদন করতে হবে।


রোববার (১৫ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরী এলাকায় ব্যাটারিচালিত অবৈধ যানবাহন (রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম) চলাচলের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে আটক করা যানবাহনগুলো উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডে রাখা হয়েছে।


এ অবস্থায় ব্যাটারিচালিত যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর এসএমপি একটি সভার আয়োজন করে। সভায় মালিক ও চালকদের অনুরোধ এবং মানবিক দিক বিবেচনায় গত ১ মে ২০২৬ থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশের আগ পর্যন্ত আটক করা যানবাহনগুলো মহানগরীতে আর না চালানোর শর্তে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।


যানবাহন ফেরত পেতে পাঁচ শর্ত


গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আটক ব্যাটারিচালিত যানবাহন ফেরত পেতে মালিক বা চালকদের নিম্নলিখিত কাগজপত্র ও শর্ত পূরণ করতে হবে—


১. আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বরসহ আবেদনপত্র জমা দিতে হবে।


২. সিলেট মহানগর এলাকায় অবৈধ ব্যাটারিচালিত যানবাহন আর চালাবেন না মর্মে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে।


৩. আটককৃত যানবাহনের রেকার স্লিপের মূল কপি জমা দিতে হবে।


৪. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের এক কপি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।


৫. অবমুক্ত করা ব্যাটারিচালিত যানবাহন (রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম) সিলেট মহানগরী এলাকায় বিক্রি করা হবে না মর্মে অঙ্গীকারনামা দিতে হবে।


এসব শর্ত পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।


পুনরায় চালালে আইনগত ব্যবস্থা


গণবিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পরবর্তী সময়ে সিলেট মহানগর এলাকায় কোনো ব্যাটারিচালিত যানবাহন (রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম) পুনরায় চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


জনস্বার্থে জারি করা এ গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।


পুলিশের এ সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে আটক থাকা যানবাহনগুলো ফেরত পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে শর্ত অনুযায়ী, ফেরত পাওয়া এসব যানবাহন সিলেট মহানগরীর বাইরে ব্যবহার বা বিক্রির বিষয়টি মালিকদের বিবেচনায় রাখতে হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৭.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com