অনলাইন ডেস্ক :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের গোপন সভার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। তবে আলোচিত এই সভায় বক্তব্য দেওয়া সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের অবস্থান এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, সর্বশেষ গ্রেপ্তার হওয়া চারজন হলেন—দিলীপ শর্মা (৩২), মুজিবুর রহমান সিকদার (৫০), মো. গিয়াস উদ্দিন (৫৫) ও মো. ফয়েজ আহমদ (৪৩)। তাঁদের মধ্যে দিলীপ শর্মা পূর্ব জাফলং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুজিবুর রহমান সিকদার মধ্য জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য, গিয়াস উদ্দিন তোয়াকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ফয়েজ আহমদ সিলেট মহানগর শ্রমিক লীগের সহসভাপতি বলে জানা গেছে।
পুলিশ জানায়, সোমবার রাতে গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে রাতারগুলের রিসোর্টে অনুষ্ঠিত ওই সভার ঘটনায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হলো।
ঘটনাটি প্রকাশ্যে আসে গত ৮ নভেম্বর। পুলিশের ভাষ্য অনুযায়ী, রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্টে রাত ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপন সভা করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনজিত চন্দ্র সরকার।
প্রথমে সভার স্থান নিয়ে সিলেট ও সুনামগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যে ভিন্নতা দেখা দেয়। পরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান ওরফে তারা মিয়াকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টকে সভাস্থল হিসেবে শনাক্ত করা হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী, শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার লাগানো হলেও পরে রনজিত সরকার উপস্থিত হয়ে দলীয় ব্যানারে বক্তব্য দেন।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় রনজিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৭৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, সভায় গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ও সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করা হয়েছিল। তবে এসব অভিযোগ তদন্তাধীন।
এদিকে, রনজিত সরকারের অবস্থান নিয়ে তৈরি হয়েছে নতুন করে রহস্য। তিনি দেশে নাকি ভারতে অবস্থান করছেন, সে বিষয়েও নিশ্চিত হতে পারেনি পুলিশ। সীমান্ত পেরিয়ে তিনি কীভাবে দেশে প্রবেশ করেছেন, তা নিয়েও অনুসন্ধান চলছে। এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানিয়েছেন, গোপন সভার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সভায় বক্তব্য দেওয়া রনজিত সরকারের অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।